বাস্তব জীবনের ‘মোগলি’ আর নেই, ১২ বছর নেকড়েদের সাথে কাটিয়ে ৮০ বছর বয়সে প্রয়াত স্পেনের মার্কোস

রূপকথার গল্পকেও হার মানানো জীবনের অধিকারী স্পেনের ‘নেকড়ে মানব’ মার্কোস রড্রিগেজ পানতোজা ৮০ বছর বয়সে প্রয়াত হয়েছেন। গ্যালিসিয়ার রান্তেতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শৈশবে চরম পারিবারিক অবহেলা ও অপমানের শিকার হয়ে দুর্গম সিয়েরা মোরেনার জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন মার্কোস। সেখানে এক বৃদ্ধ মেষ পালকের মৃত্যুর পর একা হয়ে পড়া মার্কোস ধীরে ধীরে বন্য নেকড়ে পরিবারের অংশ হয়ে ওঠেন এবং টানা ১২ বছর মানুষের সংস্পর্শ ছাড়াই বেঁচে ছিলেন।
১৯৬৫ সালে ১৯ বছর বয়সে সিভিল গার্ডের মাধ্যমে সভ্য সমাজে ফিরে এলেও আধুনিক জীবনের সঙ্গে নিজেকে পুরোপুরি মানিয়ে নিতে পারেননি তিনি। গাড়ি বা জনসমাগমের মাঝে সবসময় আতঙ্কিত বোধ করতেন। তাঁর এই অবিশ্বাস্য জীবনসংগ্রাম নিয়ে পরবর্তী সময়ে ‘অ্যামং উলভস’ নামে একটি চলচ্চিত্রও নির্মিত হয়। শেষ বয়সে মানুষের ভিড় ছেড়ে আবার পাহাড়ি এলাকায় ফিরে গেলেও সমাজের মূলস্রোত বা পুরনো নেকড়ে পরিবার—কোথাও আর স্থায়ী ঠিকানা মেলেনি তাঁর। শেষ দুই বছর অসুস্থ থাকার পর স্থানীয় গ্রামবাসীদের তত্ত্বাবধানেই দিন কাটছিল তাঁর।