চাকরি বাতিল মামলায় বড় পদক্ষেপ! যোগ্যদের মেয়াদ বৃদ্ধিতে সুপ্রিম কোর্টে এসএসসির আর্জি

২৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের মামলায় ফের আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যোগ্য হিসেবে চিহ্নিত শিক্ষকদের একাংশের চাকরির মেয়াদ আগামী ৩১ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও, নতুন নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি শেষ না হওয়ায় তাঁদের চাকরির মেয়াদ আরও বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার লক্ষ্যে কমিশনের পক্ষ থেকে বিশেষ কমিটি গঠন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের আমলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ২৬ হাজারের বেশি চাকরি বাতিল করা হয়েছিল। আদালত প্যানেলে যোগ্য ও অযোগ্যদের আলাদা করতে না পারায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে নতুন নিয়োগের নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে যোগ্য শিক্ষকদের মেয়াদ দফায় দফায় বাড়িয়ে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত কাজের অনুমতি দেওয়া হয়। নতুন নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ না হওয়ায় নির্ধারিত মেয়াদের আগেই ফের আদালতের দ্বারস্থ হয়েছে পর্ষদ।