প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ভার্চুয়াল আড্ডায় দেশের তরুণ খেলোয়াররা!

জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে আগামী ২৭ থেকে ২৯ অগাস্ট পর্যন্ত বিশেষ কর্মসূচির ঘোষণা করেছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং মাই যুবা ভারত। এই উদ্যোগের অংশ হিসেবে আগামী ২৭ অগাস্ট দেশের তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের সঙ্গে ভার্চুয়ালি এক বিশেষ আড্ডায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ব্যতিক্রমী আলোচনার মূল উদ্দেশ্য হলো গত এক দশকে দেশের ক্রীড়াক্ষেত্রে আসা যুগান্তকারী পরিবর্তন ও সাফল্য তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা। পাশাপাশি, দেশের নতুন ক্রীড়া নীতি এবং খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যুবসমাজের ভাবনা ও অভিজ্ঞতা সরাসরি শোনার সুযোগ পাবেন প্রধানমন্ত্রী।
কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ এই আয়োজনে সারা দেশের প্রায় চৌদ্দশটি স্থান থেকে বিশেষ ব্যবস্থার মাধ্যমে যুবসমাজ সরাসরি যুক্ত হবে। হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী তথা জাতীয় ক্রীড়া দিবসের প্রাক্কালে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণদের সঙ্গে দেশের সফল ও প্রবীণ ক্রীড়া আইকনদের মেলবন্ধন ঘটানোর ওপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আগামী দিনে দেশের ক্রীড়াজগতে নতুন প্রতিভা অন্বেষণ এবং তাদের সঠিক দিশা দেখানো সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।