বকেয়া DA মেটাতে গিয়ে বড় ভুল? ফের অ্যাকাউন্টে টাকা ঢোকায় বাড়ছে জল্পনা

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত বয়স্ক কর্মচারীদের পেনশন অ্যাকাউন্টে সম্প্রতি কোনো রকম পূর্বঘোষণা ছাড়াই বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ-র টাকা জমা হতে শুরু করেছে। এই আকস্মিক অর্থপ্রদানকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ও রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছেন যে, অতীতে ট্রেজারি থেকে ডিএ ক্যালকুলেশনে অত্যন্ত কায়দা করে বড় ধরনের গরমিল করা হয়েছিল। সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে প্রাপকদের পাওনা ডিএ-র অংশ ঋণাত্মক বা শূন্য দেখিয়ে বহু মানুষের বকেয়া অর্থ আটকে রাখা হয়েছিল।
এই গুরুতর অনিয়ম নিয়ে সংগঠনের পক্ষ থেকে কড়া ভাষায় অর্থ দপ্তরে আপত্তি জানানোর পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ভুল স্বীকার করে ট্রেজারি থেকে ফের সেই বকেয়া অর্থ সংশোধিত নিয়মে অবসরপ্রাপ্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে শুরু করা হয়েছে। উল্লেখ্য, পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত এই জটিলতা এবং সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া সংক্রান্ত অভিযোগ বর্তমানে সুপ্রিম কোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার উচ্চ পর্যায়ের কমিটির বিচারাধীন রয়েছে।