মহুয়া মৈত্রের স্বস্তি, ৩১ অগস্ট পর্যন্ত গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ হাইকোর্টের!

কলকাতা হাইকোর্ট থেকে সাময়িক স্বস্তি পেলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। আগামী ৩১ অগস্ট বা পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত নিম্ন আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ অগস্ট ধার্য করা হয়েছে। এ দিন শুনানিতে মহুয়ার আইনজীবী জানান, নিম্ন আদালতের এই পরোয়ানা জারির এক্তিয়ার ও কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে তাঁরা আইনি পদক্ষেপ করেছেন।
গত ১৯ অগস্ট নদিয়ার কৃষ্ণনগরের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মহুয়ার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছিল। একাধিকবার সমন পাঠানো সত্ত্বেও তিনি হাজিরা দেননি বলে অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা যেমন শ্লীলতাহানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে মামলা রুজু হয়েছে। তবে হাইকোর্টের এই অন্তর্বর্তীকালীন নির্দেশের ফলে আপাতত বড় ধরনের আইনি স্বস্তি পেলেন সংশ্লিষ্ট সাংসদ।