বিমলের বিজ্ঞাপনে ফাঁপড়ে শাহরুখ-অজয়-টাইগার! নোটিশের জবাব না মেলায় আইনি কোপের মুখে তিন তারকা

‘বিমল এলাচি’র বিজ্ঞাপনে অভিনয় করে আইনি বিপাকে জড়িয়েছেন বলিউডের তিন তারকা—শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফ। মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর পক্ষ থেকে পাঠানো শো-কজ নোটিশের নির্ধারিত ১৫ দিনের মেয়াদ পার হয়ে গেলেও, এখনো পর্যন্ত কোনো তারকাই এর জবাব দেননি।
মহারাষ্ট্র এফডিএ কমিশনার তুকারাম মুন্ধে স্পষ্ট জানিয়েছেন, এফএসএসএআই (FSSAI) আইন অনুযায়ী এটি মূলত একটি সারোগেট বা প্রচ্ছন্ন বিজ্ঞাপন, যার আড়ালে রাজ্যে নিষিদ্ধ পানমশালার পরোক্ষ প্রচার চালানো হচ্ছে। প্রশাসন তিন অভিনেতাকেই অবিলম্বে এই ক্যাম্পেইন থেকে সরে দাঁড়াতে এবং সোশ্যাল মিডিয়াসহ সব প্ল্যাটফর্ম থেকে সংশ্লিষ্ট প্রচারচিত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল।
কমিশনার সতর্ক করে জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর না মিললে তিন তারকার বিরুদ্ধে ফুড সেফটি আইন অনুযায়ী ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বা তার চেয়েও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসন এখন তাদের পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।