‘আমাকে গৃহবন্দি করবেন?’ শুভেন্দুর হুমকিতে ক্ষুব্ধ মমতা, বিচার চেয়ে দ্বারস্থ রাষ্ট্রপতির

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনীতিতে শাসক ও বিরোধী শিবিরের সংঘাত চরম রূপ নিয়েছে। সম্প্রতি নবান্নে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে মন্তব্য করেন, “ফেসবুকেই থাকুন আপনি বিকেলবেলায়। আপনাকেই আর রাস্তায় বের হতে হবে না। রাস্তায় আপনি যাতে বের হতে না পারেন, তার ব্যবস্থাও আমি করব।” শুভেন্দুর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ওঠে।
এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই সাংবাদিক বৈঠকের ভিডিও পোস্ট করেন এবং লেখেন, “A NEW LOW in Indian politics!” তিনি অভিযোগ তোলেন, নবান্নের মতো সাংবিধানিক সরকারি দফতরে বসে একজন বিরোধী নেত্রীকে প্রকাশ্যে হেনস্থা ও হুমকি দেওয়া হচ্ছে। বিরোধীদের চলাফেরার স্বাধীনতা বা মৌলিক অধিকার কেড়ে নেওয়ার অধিকার মুখ্যমন্ত্রীকে কে দিয়েছে—এই প্রশ্ন তুলে মমতা একে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আক্রমণ বলে আখ্যা দেন। একই সাথে বিচার চেয়ে তিনি দেশের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেন।
মমতার অভিযোগ, বর্তমান বিজেপির জমানায় ভিন্নমতকে দমন করে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারকে সংকুচিত করা হচ্ছে। উল্লেখ্য, সোমবার বিকেলেই এক ফেসবুক লাইভে এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তি, হকার উচ্ছেদসহ একাধিক ইস্যুতে বর্তমান সরকারের সমালোচনা করেছিলেন মমতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেই সমালোচনার পাল্টা জবাব দিতে গিয়েই নবান্নে এহেন মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।