তীর্থে গিয়ে একই পরিবারের পাঁচজনের রহস্যমৃত্যু! লজের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, নেপথ্যে কোন বড় রহস্য?
অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলার শ্রীশৈলমে একটি বেসরকারি লজ থেকে একই পরিবারের পাঁচ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন তিন মহিলা, এক পুরুষ এবং এক কিশোর। শ্রীসত্য সাঁই জেলার বাট্টালাপল্লি গ্রামের বাসিন্দা ওই পরিবারটি গত ২৮ জুলাই একটি অটো করে শ্রীশৈলমে পৌঁছয় এবং লজের ১১ নম্বর ঘরটি ভাড়া নেয়। টানা তিন দিন তাঁদের ঘরের বাইরে দেখা না যাওয়ায় এবং ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হওয়ায় লজ কর্তৃপক্ষের সন্দেহ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দরজা ভেঙে সিলিং ফ্যান ও বাথরুম থেকে পাঁচজনের নিথর দেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিপুল আর্থিক অনটন ও ঋণের বোঝার জেরে পরিবারের সদস্যরা এই চরম পথ বেছে নিয়ে থাকতে পারেন। তবে ঘটনাটি নিছক আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে সব দিক খতিয়ে দেখছে পুলিশ। মৃতদের দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তাঁদের পৈতৃক বাড়িতে খবর দেওয়া হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, আর ঠিক কী কারণে এই সর্বনাশা সিদ্ধান্ত, তার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে প্রশাসন।