বকখালির হোটেলেও বড় বিপদের আশঙ্কা! প্রশাসনের আচমকা হানায় ফাঁস চাঞ্চল্যকর তথ্য!

সাম্প্রতিক সময়ে একাধিক বড় অগ্নিকাণ্ডের ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নড়েচড়ে বসল প্রশাসন। এর অংশ হিসেবে মঙ্গলবার কাকদ্বীপ মহকুমা প্রশাসন, দমকল বিভাগ, নামখানা ব্লক প্রশাসন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ প্রতিনিধি দল বকখালির একাধিক প্রথম সারির আবাসিক হোটেলে আচমকা হানা দেয়। পরিদর্শনকালে আধিকারিকরা হোটেলগুলির ফায়ার সেফটি লাইসেন্স, অগ্নিনির্বাপণ যন্ত্রের কার্যকারিতা এবং রান্নাঘরের সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখেন। তদন্তে বেশ কিছু হোটেলের ফায়ার সেফটি বিধিতে গুরুতর গলদ ধরা পড়ে, যা দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন আধিকারিকরা।
এই পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। আগামী এক মাসের মধ্যে প্রতিটি হোটেলকে ফায়ার সেফটি লাইসেন্স নবীকরণ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা সম্পূর্ণ সচল করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। কাকদ্বীপের মহকুমা শাসক শুভঙ্কর ভট্টাচার্য জানান, বেশ কিছু হোটেলে ত্রুটি-বিচ্যুতি পাওয়া গেছে এবং তাদের সতর্ক করা হয়েছে। অন্যদিকে, বকখালি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুভাষ মাঝি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত নির্দেশিকা মেনে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এই কঠোর হুশিয়ারির পর বকখালির হোটেল মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।