আলো নিভিয়ে গভীর রাতে বিজেপি নেতার বাড়িতে তাণ্ডব! রক্তাক্ত নাবালক ছেলেও, কাঠগড়ায় দলীয় কর্মীরাই

রাজ্য নেতৃত্ব যতই দলীয় শৃঙ্খলার বার্তা দিক না কেন, নিচুতলার গোষ্ঠীকোন্দল থামার লক্ষণ নেই। হুগলির তারকেশ্বরে প্রকাশ্যে এল বিজেপির আদি ও নব্য গোষ্ঠীর তীব্র বিরোধ। সোমবার গভীর রাতে তারকেশ্বরের চাঁপাডাঙা কলেজ রোড স্কুলপাড়া এলাকায় আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সহ-সভাপতি গণেশ চক্রবর্তীর বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী।
অভিযোগ, দুষ্কৃতীরা ঘরের আলো নিভিয়ে দিয়ে গণেশ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী মিতা চক্রবর্তীকে (তারকেশ্বর চার নম্বর মণ্ডলের সম্পাদক) বেধড়ক মারধর করে। এমনকি তাঁদের নাবালক ছেলের মাথাও ফাটিয়ে দেওয়া হয়। গণেশবাবুর দাবি, হামলাকারীদের মধ্যে অনেকেই বিজেপিরই লোক। তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডুর দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় এবং তিনি ‘আদি বিজেপি’ হিসেবে পরিচিত হওয়ায়, নব্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে।
খবর পেয়ে তারকেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।