সন্তান জন্মালেই মিলবে ৮ লাখ টাকা! জনসংখ্যা বাড়াতে ঐতিহাসিক সিদ্ধান্ত এই দেশের

সন্তান জন্মালেই মিলবে ৮ লাখ টাকা! জনসংখ্যা বাড়াতে ঐতিহাসিক সিদ্ধান্ত এই দেশের

কমতে থাকা জন্মহার ও আশঙ্কাজনকভাবে বৃদ্ধদের সংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় নজিরবিহীন পদক্ষেপ নিল সিঙ্গাপুর সরকার। দেশে সন্তান গ্রহণের প্রবণতা বাড়াতে প্রতি শিশুর জন্মে প্রায় ৮ লক্ষ টাকা (৫৫,০০০ ডলার) দেওয়ার পাশাপাশি একগুচ্ছ বিশেষ সুবিধা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী লরেন্স ওং।

সম্প্রতি প্রকাশিত তথ্যে জানা গেছে, মাত্র ৬০ লক্ষ জনসংখ্যার দেশ সিঙ্গাপুরে সন্তান জন্মদানের হার (Fertility Rate) ০.৮৭-এ নেমে এসেছে, যা জনসংখ্যা স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় ২.১ হারের তুলনায় অনেক কম। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে ২০৩০ সালের মধ্যে দেশটির প্রতি চারজনের মধ্যে একজন নাগরিকের বয়স ৬৫ বছর বা তার বেশি হয়ে যাবে।

এই সংকট কাটাতে ন্যাশনাল ডে র‍্যালির ভাষণে প্রধানমন্ত্রী লরেন্স ওং একাধিক ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান:

  • আর্থিক সাহায্য: শিশু জন্মালেই অভিভাবকরা পাবেন প্রায় ৮ লক্ষ টাকা পর্যন্ত সরাসরি সুবিধা।
  • বিনামূল্যে পরিষেবা: শিশুদের ১৭ বছর বয়স পর্যন্ত শিক্ষা ও যত্নসংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ খরচ বহন করবে সরকার। ওং জানান, এই সময় পর্যন্ত তারা ‘সরকারের সন্তান’ হিসেবেই বিবেচিত হবে।
  • বর্ধিত মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি: নতুন পিতা-মাতাদের জন্য পেরেন্টাল লিভ বা ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। চাকরিদাতাদের ওপর যাতে অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে, তার সিংহভাগ খরচ সরকার নিজে বহন করবে।
  • বাসস্থানের অগ্রাধিকার: যে পরিবারে সন্তান রয়েছে, তাদের প্রথম বাড়ি কেনার ক্ষেত্রে ভর্তুকিযুক্ত বিশেষ আবাসন প্রকল্পের মাধ্যমে অগ্রাধিকার দেওয়া হবে।

শ্রী ওং নাগরিকদের আশ্বস্ত করে বলেন, “পরিবার শুরু বা বড় করার সিদ্ধান্ত নিলে সরকার সব সময় আপনাদের পাশে থাকবে।” উল্লেখ্য, শুধু সিঙ্গাপুরই নয়, ভারত সহ এশিয়ার একাধিক দেশে কর্মব্যস্ত জীবনযাত্রা, ক্যারিয়ার সচেতনতা এবং রক্ষণাবেক্ষণের খরচের কারণে সন্তান নেওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *