ত্রাণ চুরির চাঞ্চল্যকর অভিযোগ! গ্যারাজ থেকে ত্রিপল-কম্বল উদ্ধারের পর গ্রেপ্তার গোবরডাঙার প্রাক্তন পুরপ্রধান

সরকারি ত্রাণসামগ্রী বাড়িতে মজুত রাখার অভিযোগে গ্রেপ্তার হলেন গোবরডাঙা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত। তাঁর ব্যক্তিগত গ্যারাজ থেকে উদ্ধার হয়েছে ১০টি ত্রিপল ও বেশ কয়েকটি কম্বল। মঙ্গলবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হলে বিচারক তাঁকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এ দিন আদালতে আসার সময় বিজেপি কর্মীদের বিক্ষোভ ও উত্তেজনার জেরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ তাঁকে পেছনের গেট দিয়ে প্রবেশ করায়।
সোমবার প্রাক্তন এই পুরপ্রধানের বাড়ি থেকে ত্রাণসামগ্রী উদ্ধারের পর এলাকায় শোরগোল পড়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, সরকারি ত্রাণ নিজের গ্যারাজে আটকে রাখার অভিযোগে তাঁকে সুনির্দিষ্ট ধারায় গ্রেপ্তার করা হয়েছে। যদিও সুভাষ দত্তের দাবি, ২০২২ সালে নির্দল কাউন্সিলর থাকাকালীন প্রাপ্ত এই সামগ্রীগুলি তিনি বহু আগেই ফিরিয়ে দিতে চেয়েছিলেন এবং সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগও করেছিলেন। তবে পুলিশ প্রশাসন সমস্ত আইনি দিক খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছে।