কলেজ কমিটির মাথায় ১২ পাশ বিধায়ক! নিয়ম ভাঙার অভিযোগে তোলপাড় রাজ্য!

কলেজ পরিচালন সমিতির সভাপতি পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার নিয়ম শিকেয় তোলার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। নিয়ম অনুযায়ী কলেজ কমিটির সভাপতি বা সদস্য হতে গেলে স্নাতক হওয়া বাধ্যতামূলক হলেও, বেশ কয়েকজন বিজেপি জনপ্রতিনিধির শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক বা তার নিচে বলে নির্বাচন কমিশনের এফিডেভিটে উল্লেখ রয়েছে। এই অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে শিক্ষাসচিব ও রাজ্যপালের কাছে ই-মেলে কঠোর অভিযোগ জানিয়েছেন শান্তনু পাল। বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁ, মাদারিহাটের বিধায়ক লক্ষ্মণ লিম্বু এবং আরও কয়েকজন নেতার কলেজ কমিটির শীর্ষপদে বসা নিয়েই মূলত এই আইনি বিতর্ক দানা বেঁধেছে।
অভিযুক্তদের মধ্যে কেউ নিজেদের স্নাতক বলে দাবি করলেও, অনেকে পড়াশোনা আসাম্পূর্ণ থাকার কথা মেনে নিয়েছেন। অন্যদিকে, উচ্চশিক্ষামন্ত্রীর সাফাই, পঠনপাঠন, হাজিরা ও পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতেই এই অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দলগত সিদ্ধান্তেই এই নিয়োগ হয়েছে বলে তিনি জানান। তবে নিয়মের তোয়াক্কা না করে জনপ্রতিনিধিদের কলেজ কমিটির সভাপতি করার এই বিতর্কিত পদক্ষেপে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিয়ে বড়ো প্রশ্নচিহ্ন ঝুলে গেছে।