র্যাগিংয়ের বলি নবম শ্রেণির ছাত্র? থানায় ছেলের মৃত্যুর অভিযোগ পরিবারের

বারাসাতের মধুমুরালি এলাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র অলোক কুমারের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ১৪ আগস্ট স্কুলের ক্লাস শেষের পর স্থানীয় একটি পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার হয়। ঘটনার দিন দুপুরে অলোকের এক পরিচিত বন্ধু ফোন করে জানায় সে জলে পড়ে গেছে। এরপর পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করেন। এই ঘটনায় র্যাগিংয়ের মতো গুরুতর অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছে মৃতের পরিবার।
মৃতের মা ববিতা দেবী দাবি করেছেন, ঘটনার সময় পুকুরের ধারে পাঁচজন সহপাঠী উপস্থিত ছিল। এমনকি এই ঘটনার কিছু ভিডিয়ো ফুটেজও তাদের হাতে রয়েছে বলে দাবি পরিবারের। মঙ্গলবার বারাসাত থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার। এদিকে পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই এলাকার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।