যাদবপুরের পর বারাসাত বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ ছাত্র সংঘর্ষ! রক্তাক্ত দুই পড়ুয়া, থমথমে ক্যাম্পাস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেশ কাটতে না কাটতেই এবার ভয়াবহ ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে বারাসাত স্টেট ইউনিভার্সিটি। রাখি উৎসবের আয়োজন এবং অনুদান সংগ্রহকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় এবিভিপি ও তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) মধ্যে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দুই পক্ষের ধস্তাধস্তিতে গুরুতর জখম হন অন্তত দুই পড়ুয়া। গলায় ও ঘাড়ে আঘাতপ্রাপ্ত ওই ছাত্রদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয় চত্বরে হামলার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ।
এবিভিপির পক্ষ থেকে টিএমসিপির বিরুদ্ধে মারধর ও ব্লেড দিয়ে আঘাত করার মারাত্মক অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে, সংঘর্ষে নিজেদের যোগ অস্বীকার করে সাধারণ হস্টেল ছাত্রদের দাবি, এবিভিপি কর্মীরাই চত্বরে ঢুকে হামলা চালিয়েছে। এই রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র তরজা। বিজেপির স্থানীয় বিধায়ক ঘটনার জন্য শাসক দলের বহিরাগতদের দায়ী করেছেন। তবে ঠিক কী কারণে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত, তা খতিয়ে দেখতে উপাচার্যের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ প্রশাসন।