উৎসবের মরশুমের আগেই হাত পুড়ছে আমজনতার, এক লাফে আকাশছোঁয়া হল ড্রাই ফ্রুটসের দাম!

দেশজুড়ে উৎসবের মরশুম যত এগিয়ে আসছে, ততই সাধারণ মানুষের রান্নাঘরের খরচ লাফিয়ে বাড়ছে। চিনি ও পেঁয়াজের দামবৃদ্ধির পর এবার পাইকারি ও খুচরো বাজারে ২০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ড্রাই ফ্রুটসের দাম। পুনে, আমেদাবাদ, সুরাত এবং মুম্বইয়ের মতো বড় শহরগুলিতে মাত্র গত ১৫ দিনে বাদাম, পেস্তা ও কাজুবাদামের দাম প্রতি কেজিতে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। উৎসবের সময় এই সুস্বাদু উপাদানের চাহিদা ব্যাপক মাত্রায় বাড়লেও, হঠাৎ এই মূল্যবৃদ্ধি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির পকেটে বড় ধরনের টান ধরাচ্ছে।
ড্রাই ফ্রুটসের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের বাজারদরও অস্বস্তি বাড়াচ্ছে। দেশের বিভিন্ন মার্কেটে পেঁয়াজের দাম ৭০ টাকার কাছাকাছি পৌঁছেছে এবং কলকাতার কয়েকটি বাজারে তা ইতিমধ্যেই ৬০ টাকা পার করেছে। এই পরিস্থিতি সামাল দিতে সরকার নাসিক থেকে প্রধান শহরগুলিতে ‘কান্দা এক্সপ্রেস’ চালুর পাশাপাশি ৩৫ টাকা প্রতি কেজি দরে বাফার স্টক থেকে পেঁয়াজ সরবরাহ করছে। অন্যদিকে, চিনির গড় খুচরো দামও ৬০ টাকা ছাড়িয়ে যাওয়ায় পারিবারিক বাজেটে বড়সড় চাপ তৈরি হয়েছে।