আমেরিকায় প্রবেশের নিয়মে চরম কড়াকড়ি: বন্ধ ভিসা ইন্টারভিউ, চরম অনিশ্চয়তায় হাজার হাজার ভারতীয় পড়ুয়া
বিশ্বজুড়ে মার্কিন ভিসার ইন্টারভিউ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আমেরিকান বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমস্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের জন্য এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। সেই কারণেই আপাতত স্থগিত রাখা হয়েছে ইন্টারভিউ নেওয়ার কাজ। তবে এই প্রশিক্ষণ কত দিন স্থায়ী হবে এবং কবে থেকে পুনরায় ইন্টারভিউ চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই জানায়নি ওয়াশিংটন।
দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প প্রশাসন কঠোর ভিসা নীতি গ্রহণ করেছে। এই নতুন সিদ্ধান্তটি সেই কড়াকড়িরই অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন বিদেশ দপ্তর সূত্রে খবর, কোনো ভিসা আবেদনকারী আমেরিকায় গিয়ে সে দেশের সরকারি আর্থিক সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে পড়বেন কি না, তা সঠিকভাবে যাচাই করতেই কর্মকর্তাদের এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
মার্কিন প্রশাসনের এই হঠাৎ সিদ্ধান্তে চরম অনিশ্চয়তায় পড়েছেন আমেরিকায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখা হাজার হাজার ভারতীয় শিক্ষার্থী। সাধারণত আগস্ট ও সেপ্টেম্বর মাসে আমেরিকায় নতুন শিক্ষাবর্ষ অর্থাৎ ‘ফল সেশন’ শুরু হয়। প্রতি বছর এই সময়ে ভারতসহ বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী পাড়ি দেন মার্কিন মুলুকে। কিন্তু এবার ঠিক সেশনের মুখেই ইন্টারভিউ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা।
উল্লেখ্য, সম্প্রতি কঠোর নীতি রূপায়ণের অংশ হিসেবে আমেরিকা ইতোমধ্যে প্রায় ২ লক্ষ মানুষের পর্যটন ও ব্যবসায়িক ভিসা বাতিল করেছে। পাশাপাশি, ভারতীয় পেশাদারদের অত্যন্ত প্রিয় এইচ-১বি (H-1B) ভিসার নীতিতেও বড়সড় পরিবর্তন আনার পথ হাঁটছে ট্রাম্প সরকার।