ইসলামাবাদের সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন: পুড়ে ছাই ১৫ সদ্যোজাত, তদন্তে প্রশাসন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল ১৫ জন সদ্যোজাত শিশু। বুধবার সকালে শহরের নামী সরকারি হাসপাতাল ‘পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’ (PIMS)-এর মাদার অ্যান্ড চাইল্ড হেলথ (MCH) ওয়ার্ডে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, সকাল আনুমানিক ৭টা নাগাদ হাসপাতালের তৃতীয় তলার গাইনোকোলজি ওয়ার্ডের নার্সারিতে হঠাৎ আগুন ধরে যায়। সেই সময় নার্সারিতে মোট ১৬টি নবজাতক ভর্তি ছিল। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ায় সেখানে থাকা শিশুদের দ্রুত বের করে আনা প্রায় আসাম্ভব হয়ে পড়ে। শেষ পর্যন্ত উদ্ধারকারীরা মাত্র একটি শিশুকে জীবিত অবস্থায় বের করতে পেরেছেন। বাকি ১৫টি শিশুই আগুনে পুড়ে মারা যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ব্রিগেডের ৬টি ইঞ্জিন এবং ৪টি অ্যাম্বুল্যান্স। উদ্ধারকারী দল হাসপাতালের অন্যান্য অংশ থেকে রোগীদের নিরাপদে সরিয়ে নেয়। আগুন নিয়ন্ত্রণে আনার পরও ধোঁয়ার বিপদ এড়াতে দীর্ঘক্ষণ ‘কুলিং অপারেশন’ চালানো হয়।
প্রাথমিক অনুমান, নার্সারির এয়ার কন্ডিশনারের (AC) কম্প্রেসার বিস্ফোরণের কারণেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সঠিক ছিল কি না এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারের পরিকাঠামোর অভাব ছিল কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।