‘ফুটপাথ দখল রাজনৈতিক ফ্যাশন!’কড়া সওয়াল মন্ত্রী দিলীপ ঘোষের

‘ফুটপাথ দখল রাজনৈতিক ফ্যাশন!’কড়া সওয়াল মন্ত্রী দিলীপ ঘোষের

কলকাতা: শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং বড় শিল্পপতিদের রাজ্যে আকর্ষণ করার লক্ষ্যে কলকাতার ফুটপাথ দখলমুক্ত করার ওপর বিশেষ জোর দিয়েছে রাজ্য প্রশাসন। এই উদ্যোগকে পূর্ণ সমর্থন জানিয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ ফুটপাথ জবরদখল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, পশ্চিমবঙ্গে ফুটপাথ দখল করা কার্যত এক ধরনের ‘রাজনৈতিক ফ্যাশনে’ পরিণত হয়েছে। তাঁর মতে, দখলদারদের সুবিধার চেয়ে রাজনৈতিক দলগুলোর স্বার্থসিদ্ধিই এখানে মূল বিষয়, যার কারণে এই জবরদখল কোনোদিন বন্ধ হয় না।

সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা উল্লেখ করে মন্ত্রী প্রশ্ন তোলেন, “কলকাতায় রাস্তায় গাড়ির সংখ্যা বেড়েই চলেছে, অথচ মানুষের পায়ে হেঁটে চলার জায়গা নেই। তার ওপর ফুটপাতে দোকান চালানো বা রান্নাবান্না করার মতো কাজ চললে সাধারণ মানুষ কোথায় হাঁটবেন?”

এই পদক্ষেপে বিরোধীদের সমালোচনা প্রসঙ্গে দিলীপ ঘোষ স্পষ্ট জানান, বিরোধীরা অহেতুক রাজনীতি করছে। বিরোধীরা বিষয়টি বুঝুক বা না বুঝুক, তাতে কিছু যায় আসে না; সাধারণ মানুষই শেষ কথা বলবেন।

সম্প্রতি পার্ক স্ট্রিটে ফুটপাথ উচ্ছেদ অভিযান ঘিরে এক মহিলার সঙ্গে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের বচসার ঘটনা ঘটে। পরবর্তীতে মুখ্যমন্ত্রী সেই মহিলা ও তাঁর পরিবারকে বাসস্থান দেওয়ার নির্দেশ দেন। এই বিষয়ে দিলীপ ঘোষ জানান, নিউ মার্কেটে সেই পরিবারের সাথে তাঁর দেখা হয়েছিল এবং সরকারের নির্দেশে সবাই এখন মানিয়ে নিতে প্রস্তুত। রাস্তা পরিষ্কার ও সুশৃঙ্খল করতে কিছুটা সময় লাগলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে বলে তিনি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *