স্কুল ইউনিফর্মের সঙ্গে হিজাব পরা যাবে না! হাইকোর্টের রায়ে তোলপাড়

উত্তরপ্রদেশের প্রয়াগরাজের টেগর পাবলিক স্কুলের পোশাকবিধি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মামলায় স্পষ্ট রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। আদালতের দ্বৈত বেঞ্চের সাফ পর্যবেক্ষণ, স্কুল ইউনিফর্মের সঙ্গে হিজাব পরা ইসলাম ধর্মের কোনো অপরিহার্য বা বাধ্যতামূলক অংশ নয়। একাদশ শ্রেণির এক ছাত্রীর করা রিট আবেদন খারিজ করে বিচারপতি জে জে মুনির ও ইন্দ্রজিৎ শুক্লার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলা, সমতা এবং ধর্মনিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে নির্ধারিত পোশাক বিধি মেনে চলা প্রতিটি শিক্ষার্থীর জন্যই একান্ত বাধ্যতামূলক।
শুনানি চলাকালীন আদালত জানিয়েছে, আবেদনকারী ছাত্রী যে মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, ক্লাসের অন্য কোনো শিক্ষার্থী কখনোই হিজাব পরত না। এমনকি অতীতে স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে বাধা না দিলেও তা ভবিষ্যতে কোনো আইনি অধিকার প্রদান করে না। কর্ণাটক হাইকোর্টের আগের একটি রায়ের উদ্ধৃতি দিয়ে আদালত জানিয়েছে, শিক্ষার মূল আঙিনায় প্রতিষ্ঠানের নিয়মবিধি সবার উপরে। এই ঐতিহাসিক রায়ের ফলে শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক বিধি সংক্রান্ত বিতর্কে নতুন মোড় এল।