ভাঙল ৬৪ বছরের নিয়ম? সিন্ধু চুক্তি ঘিরে ভারত-পাকিস্তানের সম্পর্কে ফের বড় মোড়!

ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে তৈরি হয়েছে নতুন কূটনৈতিক ও আইনি জটিলতা। গত বছর পহেলগাঁও জঙ্গি হামলার জেরে নয়াদিল্লি এই চুক্তি স্থগিত রাখার পর থেকেই দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনার পারদ চড়েছে। পাকিস্তানের বারবার অনুরোধ সত্ত্বেও ভারত নিজের কঠোর অবস্থানে অনড় রয়েছে। এমন পরিস্থিতিতে ইন্ডিয়ান সোসাইটি অফ ইন্টারন্যাশনাল ল-এর আন্তর্জাতিক পরিবেশ আইনের সহকারী অধ্যাপক আনোয়ার সাদাত দ্য হিন্দু-তে প্রকাশিত এক নিবন্ধে এই চুক্তি নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন, যা নতুন করে জল্পনা উস্কে দিয়েছে।
অধ্যাপক আনোয়ার সাদাতের মতে, ষাটের দশকে নির্ধারিত জলপ্রবাহ ও জলবায়ুর তথ্যের ওপর ভিত্তি করে তৈরি ওই চুক্তির কাঠামো বর্তমান পরিস্থিতিতে অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তনের জেরে হিমবাহের গলন, অনিয়মিত বৃষ্টিপাত এবং খরার মতো সমস্যা নদীগুলির স্বাভাবিক প্রবাহকে মারাত্মকভাবে ব্যাহত করছে। তাই এটিকে কেবল জল ভাগাভাগির চুক্তি হিসেবে না দেখে যৌথ ব্যবস্থাপনা হিসেবে বিবেচনা করা উচিত। আমেরিকা-কানাডা বা নীল নদের জলচুক্তির মতো বর্তমান পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এই ঐতিহাসিক চুক্তিটি অবিলম্বে সংশোধন বা আপডেট করার জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।