‘গতকালও কথা হয়েছে…’, নেপালের হড়পা বানে আটকে অভিনেতা খরাজ, মুখ খুললেন ছেলে বিহু
নেপালে নতুন ছবির শুটিং করতে গিয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছেন টলিউডের প্রবীণ অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। চীন সীমান্ত সংলগ্ন রাসুয়া জেলায় হড়পা বানের কারণে বিস্তীর্ণ এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিপর্যয়ে নেপালে ইতিমধ্যেই বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং বহু পর্যটক আটকে পড়েছেন। অভিনেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় তাঁকে ফোনে পাওয়া যায়নি।
খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়ও নেপালে রয়েছেন। এই বিষয়ে অভিনেতার ছেলে তমোঘ্ন (বিহু) মুখোপাধ্যায় জানান, “আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেই আশা করছি। গতকালই মায়ের সঙ্গে কথা হয়েছিল, তবে আজ আর যোগাযোগ সম্ভব হয়নি। খারাপ আবহাওয়ার জন্য বিমান চলাচলেও সমস্যা হচ্ছে। তাঁরা শারীরিকভাবে সুস্থ আছেন বলেই বিশ্বাস।”
অন্যদিকে, নেপালের এই আচমকা হড়পা বানের পর থেকে কলকাতার একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে মানসরোবর যাত্রায় যাওয়া ৩০ জন পর্যটক এবং ২ জন প্রতিনিধি সহ মোট ৩২ জন নিখোঁজ রয়েছেন। ২১ আগস্ট কলকাতা থেকে রওনা হওয়া এই দলের সঙ্গেও বুধবার রাত পর্যন্ত কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। আপাতত গোটা দেশের নজর রয়েছে নেপালের উদ্ধারকাজের দিকে।