বিচারকের অ্যাকাউন্ট থেকেই উদাও টাকা! পুলিশের ওপর চরম ক্ষোভ খোদ বিচারবিভাগীয় অফিসারের!

শান্তনু রায় নামে এক বিচারক এটিএম কার্ড জালিয়াতির শিকার হয়ে প্রায় এক বছরেও বেশি সময় ধরে বিচার পাচ্ছেন না। গত বছর অক্টোবর মাসে জগদ্ধাত্রী পুজোর দিনে গড়িয়া শ্মশানের বিপরীতে একটি এটিএম থেকে টাকা তুলতে গিয়ে যান্ত্রিক ত্রুটির মুখে পড়েন তিনি। সেই সময় সাহায্য করার নাম করে এক ব্যক্তি তাঁর এটিএম কার্ড হাতিয়ে নেয় এবং পরবর্তীতে ধাপে ধাপে তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় ৮০ হাজার টাকা তুলে নেওয়া হয়। সাহায্যকারী ছদ্মবেশী প্রতারক যে এমন কাণ্ড ঘটাবে, তা ঘুণাক্ষরেও টের পাননি ওই বিচারক।
ঘটনার পর নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করা হলেও, ঘটনার তদন্তকারী নরেন্দ্রপুর থানা এক বছর হতে চললেও এর কোনো কিনারা করতে পারেনি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন নথি সংগ্রহ করার পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার জানানো সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি। অপরাধী শনাক্ত হলেও বিচার না মেলায় পুলিশের ভূমিকা নিয়ে একরাশ হতাশা প্রকাশ করেছেন তিনি। আক্ষেপের সুরে তিনি মন্তব্য করেছেন, একজন বিচারবিভাগীয় অফিসার হয়ে যদি তাঁকে এভাবে ঘুরতে হয়, তবে সাধারণ মানুষের কী দশা হতে পারে!