নেপালে ভয়ংকর হড়পা বানের তাণ্ডব, নিখোঁজ ৩০০ ভারতীয়!

তিব্বত সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্পের পর হিমবাহ ধসে নেপালের ভোটেকোশী নদীতে নেমে এসেছে প্রলয়ংকারী হড়পা বান। প্রকৃতির এই রুদ্র তাণ্ডবে ভেসে গিয়ে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে নেপাল-তিব্বত সীমান্তের রাসুয়াগাধি অঞ্চল। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিপর্যয় কাটিয়ে এ পর্যন্ত ১৬২ জনের মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে এবং অন্তত ৭৫০ জন এখনও নিখোঁজ। উদ্বেগের বিষয় হলো, নিখোঁজদের মধ্যে মানস সরোবরগামী পশ্চিমবঙ্গ ও তামিলনাডুর পর্যটকসহ প্রায় ৩০০ জন ভারতীয় রয়েছেন, যাঁদের অবস্থান এখনও পুরোপুরি অস্পষ্ট।
নেপালের বিপর্যয় মোকাবিলা বিভাগ সূত্রে জানা গেছে, উত্তর তিব্বতের হিমবাহ ভেঙে লেহন্ডে খোলা নদী আটকে যাওয়ার পর সেই জল-কাদার স্রোত চরম ধ্বংসাত্মক রূপ নেয়। চোখের নিমেষে ভেসে গেছে ঘরবাড়ি, সেতু ও জনবসতি। প্রবল দুর্যোগে সংশ্লিষ্ট এলাকায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পর্যটন সংস্থাগুলিও নিখোঁজ পূণ্যার্থীদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। আপাতত দুর্গম সেই সব দুর্যোগকবলিত অঞ্চলে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালাচ্ছে নেপালি সেনা।