মৃত্যুর মিছিল থামছে না! নেপালের প্রলয়ী হড়পা বানে ভারতের ৪ শতাধিক নিখোঁজ, বিহারে চরম সতর্কতা জারি

মৃত্যুর মিছিল থামছে না! নেপালের প্রলয়ী হড়পা বানে ভারতের ৪ শতাধিক নিখোঁজ, বিহারে চরম সতর্কতা জারি

তিব্বত সীমান্ত লাগোয়া উত্তর নেপালে ভয়াবহ হড়পা বানে তাসের ঘরের মতো ভেসে গেছে একাধিক গ্রাম, বসতি, সেতু ও জলবিদ্যুৎ প্রকল্প। বুধবার সকাল থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক বিপর্যয়ে এ পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে মূল উদ্বেগ বাড়িয়ে এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ জন, যাঁদের মধ্যে বহু ভারতীয় নাগরিকও অন্তর্ভুক্ত রয়েছেন। উজান থেকে নেমে আসা বিপুল জলরাশি নদী হয়ে ভারতের দিকে ধেয়ে আসায় বিহারের সীমান্তসংলগ্ন জেলাগুলিতে জারি করা হয়েছে কড়া সতর্কতা। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি কথা বলেছেন বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে।

আকস্মিক এই হড়পা বানের আসল কারণ নিয়ে শুরু হয়েছে তীব্র ধোঁয়াশা। নেপালের বন্যা পূর্বাভাস বিভাগ জানিয়েছে, স্থানীয় বৃষ্টিপাতের কারণে এই প্রলয় ঘটেনি। বিশেষজ্ঞদের একাংশ হিমবাহ হ্রদ ফেটে জল নেমে আসার আশঙ্কা করলেও, অন্য একটি মহলের দাবি তিব্বত সীমান্তে ভূমিকম্পের ফলে সৃষ্ট বিশাল তুষারধস নদী রুখে দিয়েছিল এবং পরবর্তী সময়ে সেই কৃত্রিম বাঁধ ভেঙে এই ভয়াল জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। এদিকে আকাশচুম্বী জলস্তর ও প্রতিকূল আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। নেপাল সরকার জরুরি বৈঠক ডেকে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালালেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্গত এলাকায় ত্রান পৌঁছানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *