সনাতনী মেয়র পাবে কলকাতা! ১৭০-১৮০ আসন জেতার বিরাট হুঙ্কার সুকান্তর

কলকাতা পুরসভা নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ এখনও সরকারিভাবে ঘোষণা না হলেও জোরকদমে নির্বাচনী রণকৌশল সাজাতে শুরু করেছে রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এই নির্বাচনে দলের ইন-চার্জ হিসেবে দায়িত্ব পাওয়ার পরেই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক বিস্ফোরক ও আত্মবিশ্বাসী দাবি করেছেন। তাঁর সাফ কথা, আসন্ন কলকাতা পুরভোটে বিজেপি একশো সত্তর থেকে একশো আশিটি আসনে জয়লাভ করবে এবং কলকাতা পাবে এক সনাতনী মেয়র।
বিজেপির অন্দরের খবর অনুযায়ী, বিগত বিধানসভা নির্বাচনের ফলাফলকে হাতিয়ার করে শাসক শিবিরকে কড়া টক্কর দেওয়ার ছক কষা হচ্ছে। সুকান্ত মজুমদারের দাবি, ১৪৪টি ওয়ার্ডের মধ্যে বিধানসভা ভোটের নিরিখে বিজেপি ইতিমধ্যেই একশো একটি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। সেই পরিসংখ্যানকে ভিত্তি করেই আসন সংখ্যা আরও বাড়িয়ে জয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভোটের প্রচার, ইস্তেহার তৈরি এবং প্রার্থী বাছাইয়ের জন্য ইতিমধ্যেই একটি বিশেষ কমিটি ও সাংগঠনিক পদের তালিকাও প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বৃদ্ধির প্রস্তাব ঘিরে রাজনৈতিক মহলে উত্তাপ বেড়েই চলেছে।