মেট্রোয় চাকরি পেল চারপেয়ে! স্টেশনের নতুন ‘বস’ কে এই বিড়াল?

মুম্বইয়ের গুন্ডাভালি মেট্রো স্টেশনে দিনরাত নজরদারি চালিয়ে এক অভিনব চাকরি পেল এক হলুদ রঙের শান্তশিষ্ট বিড়াল। সোশাল মিডিয়ায় এক যাত্রীর করা পোস্ট এবং আবেদনকে গুরুত্ব দিয়ে মহা মুম্বই মেট্রো অপারেশন কর্পোরেশন লিমিটেড (এমএমএমওসিএল) মজার ছলেই ওই চারপেয়েকে সাম্মানিক পদ প্রদান করেছে। তাকে আনুষ্ঠানিকভাবে ‘মুখ্য মার্জার আধিকারিক’ বা চিফ ফেলাইন অফিসার হিসেবে ঘোষণা করা হয়েছে। স্টেশন চত্বরে তার এই উপস্থিতি এবং চারপাশ পরিদর্শনের ভঙ্গি ইতিমধ্যেই যাত্রীদের দারুণভাবে আকর্ষণ করেছে।
দীর্ঘদিন ধরে ওই স্টেশনে যাতায়াত করার সুবাদে সন্দেশ সামন্ত নামের এক যাত্রী বিড়ালটির ছবি তুলে কর্তৃপক্ষের কাছে চাকরির আবেদন জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে মেট্রো কর্তৃপক্ষও রসিকতা করেই জানায়, স্টেশন পরিদর্শন ও যাত্রীদের উপর নজর রাখার মতো দায়িত্ব দক্ষতার সঙ্গেই পালন করছে বিড়ালটি। যদিও এর কোনো নির্দিষ্ট পরিচয়পত্র বা ঘর নেই, তবুও স্টেশনের এই নতুন ‘বস’-এর কাণ্ডকারখানা এখন নেটদুনিয়ায় ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।