কলকাতা প্রশিক্ষণ শিবিরে হাওয়া হয়ে গেল বিজেপির হলুদ ডায়েরি! গোপন তথ্য ফাঁস!

কলকাতায় আয়োজিত বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবিরে এসে রহস্যজনকভাবে হারিয়ে গেল এক সর্বভারতীয় নেতার একটি গুরুত্বপূর্ণ হলুদ ডায়েরি। গত ১৬ আগস্ট নিউটাউন কনভেনশন সেন্টারে আয়োজিত ওই প্রশিক্ষণে যোগ দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ। দিল্লি থেকে সঙ্গে আনা ওই ডায়েরিটিতে দলের বিভিন্ন গোপনীয় সাংগঠনিক তথ্য, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং আগামীর রূপরেখা বিস্তারিতভাবে লেখা ছিল বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রশিক্ষণ শিবির চলাকালীন ডায়েরিটি নিখোঁজ হওয়ার পর থেকেই চরম উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল। এখনও পর্যন্ত থানায় আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করা না হলেও, কনভেনশন সেন্টার চত্বর তন্নতন্ন করে খুঁজেও ডায়েরিটির কোনো সন্ধান মেলেনি। যদিও তল্লাশির সময় অন্য তিনটি ডায়েরি উদ্ধার হয়েছে, যার একটি হলুদ রঙের হলেও সেটি শিবপ্রকাশের নয় বলে নিশ্চিত করা হয়েছে। শিবপ্রকাশের এই ডায়েরিতে পশ্চিমবঙ্গসহ গোটা দেশের সাংগঠনিক ব্লুপ্রিন্ট থাকায়, তা বেহাতে চলে যাওয়ায় রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে।