পার্ক স্ট্রিটের সেই সীতা এখন কোথায়! পুরসভার আশ্রয় কেন প্রত্যাখ্যান করলেন তিনি?

পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করাকে কেন্দ্র করে মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো বৃদ্ধা সীতাদেবী সরকারি আশ্রয় নিতে স্পষ্ট অস্বীকার করেছেন। গত মঙ্গলবার কলকাতা পুরসভা ও পুলিশ যৌথভাবে তাঁকে এবং তাঁর দুই ছোট মেয়েকে বেলেঘাটা ও রামমোহন রায় রোডের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাঁরা সেখানে থাকতে রাজি হননি। তবে সীতার এক মেয়ে পুরসভার এই ব্যবস্থাপনায় সন্তুষ্ট হয়ে সরকারি আশ্রয়েই থেকে গিয়েছেন। এই পরিস্থিতিতে সকলের মনেই প্রশ্ন জেগেছে, ঠিক কোথায় গেলেন সীতা ও তাঁর দুই ছোট মেয়ে?
বিতর্কের জেরে এর আগে বিজেপির রাজ্য দপ্তরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সীতাদেবী। তাঁর নির্দেশেই পুরসভা আশ্রয়ের ব্যবস্থা করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। এই বিষয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষ জানিয়েছেন, সীতা ও তাঁর দুই মেয়ে বর্তমানে সম্পূর্ণ নিরাপদ আশ্রয়ে রয়েছেন এবং তাঁরা দলের কিছু বিশ্বস্ত কর্মীর বাড়িতেই অবস্থান করছেন। প্রসঙ্গত, ফুটপাথে দুধ গরম করার ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক ও তরজা সৃষ্টি হয়েছিল।