চিন হ্যাকারদের কবলে আমেরিকা! মার্কিন গোপন তথ্য কি তবে সুরক্ষিত নয়?

আমেরিকার সরকারি ও বেসরকারি নেটওয়ার্কে বড়সড় সাইবার হানার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মার্কিন বিচার বিভাগ, নাসা এবং ফেডারেল রিজার্ভের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে এই হামলার নেপথ্যে চিনা সরকারের মদত রয়েছে বলে ওয়াশিংটনের দাবি। মার্কিন তদন্তকারীদের সূত্র অনুযায়ী, ‘কিউস্ক্যান’ ও ‘কিউটিরাউটার’ নামের দুটি শক্তিশালী হ্যাকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে এই অভিযান চালানো হয়েছে। চিনের নানজিঙের একটি সংস্থার তৈরি এই প্ল্যাটফর্মগুলির সঙ্গে চিন সরকার ও সেনার প্রত্যক্ষ যোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। ২০১৮ সাল থেকে মার্কিন প্রশাসনকে নিয়মিত নিশানা করছে এই হ্যাকার চক্রটি।
আমেরিকা ছাড়াও বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেটওয়ার্ক ব্যবহার করে নিজেদের গতিবিধি গোপন রেখেছিল হ্যাকাররা। তবে এই সাইবার হানার ফলে মার্কিন সরকারের কোনো গোপনীয় বা সংবেদনশীল নথি চুরি গিয়েছে কি না, সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখনো কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করেনি। এমনকি এই গুরুতর অভিযোগের বিষয়ে বেজিংয়ের তরফ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে গত মার্চ মাসে এফবিআই মার্কিন কংগ্রেসে জানিয়েছিল যে, সরকারি সংস্থা ও বড় টেলিকম নেটওয়ার্কগুলি চিনা হ্যাকারদের ক্রমাগত সাইবার আক্রমণের শিকার হচ্ছে।