শেষ বার্তা ‘চিন্তা কোরো না’, চীন সীমান্ত সংলগ্ন এলাকায় রহস্যজনকভাবে নিখোঁজ বাংলার সফটওয়্যার ইঞ্জিনিয়ার!

নেপালে বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্যোগের মাঝে চীন সীমান্ত এলাকা থেকে নিখোঁজ হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাসিন্দা তথা সফটওয়্যার ইঞ্জিনিয়ার লোপামুদ্রা কুন্ডু। পেশায় ব্যাঙ্ককর্মী স্বামী, বৃদ্ধ পিতা-মাতা ও দুই সন্তানকে রেখে গত ২১ আগস্ট একটি পর্যটন সংস্থার ৩২ জনের দলের সঙ্গে নেপালে পাড়ি দিয়েছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, যাত্রার পর থেকেই পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন তিনি। তবে নেপালের বিভিন্ন প্রান্তে দুর্যোগের খবর ছড়ানোর পরেই উদ্বেগ বাড়তে শুরু করে। সর্বশেষ তিনি বাড়িতে ফোন করে জানান যে তাঁরা চীন সীমান্ত সংলগ্ন এমন এক এলাকায় প্রবেশ করছেন যেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক থাকবে না।
যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে পরিবারকে আশ্বস্ত করে তিনি শেষ বার্তা পাঠান, “চিন্তা কোরো না।” কিন্তু ওই শেষ বার্তার পর থেকেই তাঁর ফোন সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও লোপামুদ্রা দেবীর কোনো খোঁজ না মেলায় সোনারপুরের বৈকুন্ঠপুরের বাড়িতে চরম দুশ্চিন্তার মেঘ জমেছে। পর্যটন দলের বাকি সদস্যদের সঙ্গে তিনি ঠিক কোন পরিস্থিতিতে দুর্গম অঞ্চলে আটকে রয়েছেন, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপে তাঁর দ্রুত সন্ধান পেতে আকুল আবেদন জানিয়েছেন উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।