পুজোর আগে কি অন্য রঙে রাঙবে তিলোত্তমা!

কলকাতা শহরের প্রধান রাস্তাগুলি দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে দীর্ঘদিনের বকেয়া পাওনা না পাওয়ায় ঠিকাদারদের একাংশ টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন না। এর ফলে বরো অফিসগুলির সিভিল ইঞ্জিনিয়াররা ফাইল তৈরি করেও কাজ শুরু করতে পারছেন না। রাস্তা মেরামতের পাশাপাশি শহরের অলিগলির পিচ ও সংস্কার কাজ কার্যত থমকে যাওয়ায় নাগরিক পরিষেবা নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে। পাশাপাশি, ঠিকাদারদের অসহযোগিতা এবং আর্থিক বরাদ্দের সংকটের কারণে তীব্র জট তৈরি হয়েছে।
সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে রাস্তা ও ডিভাইডারগুলির রঙ নির্বাচন নিয়ে। গত পনেরো বছর ধরে নীল-সাদা রঙে সেজে উঠলেও, এবার নতুন পরিস্থিতিতে কোন রঙে সাজানো হবে তা নিয়ে চূড়ান্ত সংশয়ে রয়েছেন ইঞ্জিনিয়াররা। নির্দিষ্ট নিয়ম মেনে হলুদ-কালো বর্ডার করা হলেও, ডিভাইডার ও গ্রিলের রঙ কী হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি শীর্ষকর্তারাও। বাধ্য হয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য এই সংক্রান্ত ফাইল বর্তমানে পুরমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।