ঘরের শত্রুদের সরাতে হবে! যাদবপুর নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘রেড স্যালুট কিষেনজি’ লেখা স্লোগান এবং ক্যাম্পাসে ‘আজাদি’ ও ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগানের তীব্র সমালোচনা করলেন শুভেন্দু অধিকারী। নতুন প্রজন্মকে কী শিক্ষা দেওয়া হচ্ছে, সেই কড়া প্রশ্ন তুলে তিনি বলেন, দেশের বাইরে শত্রু যেমন রয়েছে, তেমনই অন্দরে লুকিয়ে থাকা দেশবিরোধী শক্তিগুলোকেও এবার প্রতিহত করার সময় এসেছে। কলকাতার রাস্তায় দাঁড়িয়ে এ ধরনের স্লোগান তোলা এবং স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে অস্বীকার করার তীব্র নিন্দা করে তিনি অভ্যন্তরীণ শত্রুদের কঠোর ভাষায় নিশানা করেন।
এদিন ঘরের শত্রু ও দেশবিরোধীদের দমনের প্রসঙ্গ টেনে তিনি হুঙ্কার দিয়ে বলেন, যেভাবে বাড়ির আবর্জনা পরিষ্কার করা হয়, তেমনই জাতীয়তাবাদ ও বন্দেমাতরমের বিরোধিতাকারীদের বিরুদ্ধেও সমাজকে পরিচ্ছন্ন করার শপথ নিতে হবে। পাশাপাশি, জাতীয় গান ‘বন্দে মাতরম’ সম্পূর্ণ গাওয়া নিয়ে চলা সাম্প্রতিক বিতর্কেরও কঠোর সমালোচনা করেন তিনি। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই ঐতিহাসিক গান নিয়ে অহেতুক আপত্তির কোনো যৌক্তিকতা নেই বলেও স্পষ্ট জানিয়ে দেন শুভেন্দু।