কী কাণ্ড! পুজোয় প্রসাদ পেতে গেলেও লাগবে লাইসেন্স, মহা উৎসবের আগে বড় সিদ্ধান্তের নেপথ্যে আসলে কে?

মহারাষ্ট্রজুড়ে উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই প্রসাদ বিতরণ নিয়ে বড় এবং কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। আসন্ন গণেশ চতুর্থীর আগে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান এবং বড় ভাণ্ডারগুলিকে প্রসাদ তৈরির জন্য বাধ্যতামূলকভাবে লাইসেন্স নিতে হবে। খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করতে এবং ভেজাল রুখতে এফডিএ-র কঠোর নিয়মের বেড়াজালে পড়তে চলেছে প্রসাদ বিতরণ প্রক্রিয়াও। একমাত্র বিশুদ্ধ ও ভেজালহীন প্রসাদ বিলি করার ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে প্রসাদ প্রস্তুতকারীদের এর জন্য বিশেষ প্রশিক্ষণও নিতে হবে।
উৎসবের এই আনন্দঘন পরিবেশের মধ্যেই সম্প্রতি মুম্বইয়ে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যা আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। গণেশ মূর্তি বহনের একটি বিশাল কাঠামো উলটে পড়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে এবং শিশুসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এই ধরনের অনভিপ্রেত ঘটনা এড়াতে এবং দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে কড়া সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোর সার্বিক আয়োজনে কোনও ত্রুটি না রেখে পুজো কমিটি ও প্রশাসনের মধ্যে সমন্বয় বজায় রেখে চলার উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে।