ভারতে কি আটকে গেল সোনিয়ার বহুল প্রতীক্ষিত স্মৃতিকথা?

তথ্যগত অসঙ্গতি ও শর্ত নিয়ে মতপার্থক্যের জেরে সোনিয়া গান্ধীর বহুল প্রতীক্ষিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লভ’ ভারতে প্রকাশ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বইটি ভারতে প্রকাশের কথা ছিল প্রখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউসের। তবে সূত্র মারফত জানা গিয়েছে, পাণ্ডুলিপির কিছু তথ্যে অসঙ্গতি থাকায় তা পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল সংস্থাটি। কিন্তু সেই প্রস্তাব লেখক মেনে না নেওয়ায় পেঙ্গুইন শেষ পর্যন্ত বইটি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১০ নভেম্বর আমেরিকার প্রকাশনা সংস্থা আলফ্রেড এ. নফ থেকে এটি বিশ্বজুড়ে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
নেহরু-গান্ধী পরিবারের অন্দরমহল, কেমব্রিজে রাজীব গান্ধীর সঙ্গে আলাপ, বিয়ে থেকে শুরু করে ইন্দিরা ও রাজীব গান্ধীর মর্মান্তিক হত্যাকাণ্ড এবং ভারতীয় রাজনীতিতে তাঁর আকস্মিক প্রবেশের মতো সংবেদনশীল ও রোমাঞ্চকর অধ্যায় রয়েছে এই বইটিতে। ২০০৪ সালে প্রধানমন্ত্রীর পদ ফিরিয়ে দেওয়ার নেপথ্যের গল্পও উঠে আসার কথা এতে। পেঙ্গুইন পিছু হটলেও বইটি ভারতে প্রকাশিত হওয়া নিয়ে এখনই সম্পূর্ণ নিরাশ হওয়ার কারণ নেই। কারণ হার্পার কলিনসসহ একাধিক নামী প্রকাশনা সংস্থা এই গুরুত্বপূর্ণ স্মৃতিকথাটি প্রকাশের জন্য নতুন করে আগ্রহ প্রকাশ করেছে।