হিমবাহ ধসে তৈরি নতুন হ্রদ, নেপালে আবারও কি ভয়ঙ্কর প্লাবনের আশঙ্কা?

ভয়াবহ হড়পা বানের ক্ষত শুকাতে না শুকাতেই আবারও বড়সড় বিপর্যয়ের মুখে নেপাল। ইতিমধ্যে প্রাকৃতিক দুর্যোগে দেশে ৬০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতির মাঝেই কাঠমাণ্ডুকে নতুন করে ‘লাল সতর্কতা’ পাঠিয়েছে বেজিং। চিনের তরফে জানানো হয়েছে, লেহেন্দে নদীর ওপরের অংশে হিমবাহ ধসের কারণে একটি অস্থায়ী হ্রদ তৈরি হয়েছে, যা যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে।
চিনের জলসম্পদ মন্ত্রকের তথ্য অনুযায়ী, চোচেন ও পুরেপু নদীর সঙ্গমস্থলের কাছে তৈরি হওয়া এই হ্রদে প্রায় ২৫ লক্ষ ঘনমিটার জল জমে রয়েছে। হ্রদটি ভেঙে পড়লে নদীতে প্রতি সেকেন্ডে ৫০০ কিউবিক মিটার পর্যন্ত জলপ্রবাহ সৃষ্টি হতে পারে।
হ্রদের জলের রঙ প্রতিনিয়ত গাঢ় হওয়ার অর্থ হল এর জলধারণ ক্ষমতা অতিরিক্ত পর্যায়ে পৌঁছে গেছে। প্রশাসন জানিয়েছে, নদীর নিম্নাঞ্চলে জলস্তর খুব বেশি বাড়ার আশঙ্কা না থাকলেও কোনো ঝুঁকি না নিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বুধবারের হড়পা বানে নেপালে অন্তত ৫৮৭ জন এবং তিব্বতে ৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টার মধ্যেই এই নতুন সতর্কতা দেশটিকে নতুন উদ্বেগে ফেলেছে।