‘মৃত্যুর মুখ থেকে পুনর্জন্ম!’ নেপালের ভয়াল হড়পা বান পেরিয়ে চেন্নাইয়ে ফিরলেন ২১ তীর্থযাত্রী

নেপালের ভয়াবহ হড়পা বানের হাত থেকে অলৌকিকভাবে প্রাণ বাঁচিয়ে চেন্নাইয়ে ফিরেছেন তামিলনাড়ুর ২১ জন তীর্থযাত্রী। শুক্রবার চেন্নাই বিমানবন্দরে নেমে তাঁরা শোনান সেই ভয়াল অভিজ্ঞতার কথা।
তীর্থযাত্রী বিজয়ভুবনেশ্বরী জানান, তিনটি বাসের কনভয়ে তাঁদের বাসটি মাঝখানে ছিল। হঠাৎ আগ্নেয়গিরির বিস্ফোরণের মতো বিকট শব্দে পাহাড় বেয়ে প্রবল বেগে নেমে আসে জলের তোড়। বিপদ বুঝে পর্যটকরা দ্রুত বাসের ছাদে উঠে পড়েন এবং সেখান থেকে পাহাড় বেয়ে উপরে উঠতে শুরু করেন। উপরে থাকা একটি পুলিশ চৌকির সহায়তায় শেষ পর্যন্ত রক্ষা পান তাঁরা। তীর্থযাত্রীদের মতে, এই ঘটনা তাঁদের কাছে আক্ষরিক অর্থেই পুনর্জন্মের মতো।
এদিকে নেপালের সামগ্রিক পরিস্থিতি এখনও অত্যন্ত উদ্বেগজনক। নতুন করে হিমবাহ গলে হ্রদ তৈরি হওয়ায় আবার বানের আশঙ্কা প্রকাশ করে সতর্কবার্তা জারি করেছে চিন। তামিলনাড়ু সরকার জানিয়েছে, রাজ্যটি থেকে মোট ৪০০ জন তীর্থযাত্রী নেপালে গিয়েছিলেন, যার মধ্যে এখন পর্যন্ত ১৪০ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের দ্রুত উদ্ধার করতে এবং ত্রাণকাজ পর্যবেক্ষণ করতে দিল্লিতে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠিয়েছে তামিলনাড়ু সরকার।