২৪ ঘণ্টার মধ্যেই ভোলবদল! নেপালে উদ্ধারকাজে নামছেন বিদেশি বিশেষজ্ঞরা!

নেপালে ভয়াবহ হড়পা বানের পর উদ্ধারকাজ ঘিরে বড় সিদ্ধান্ত বদল করেছে কাঠমান্ডু। প্রথমে আন্তর্জাতিক উদ্ধারকারী দলকে অনুমতি না দেওয়ার কথা জানালেও, বিপর্যয়ের ব্যাপকতা ও বিদেশি নাগরিকদের নিখোঁজ হওয়ার খবর সামনে আসায় মাত্র এক দিনের মধ্যেই সেই অবস্থান বদলানো হয়েছে। রসুয়া ও নুওয়াকোট জেলায় বন্যা ও ধসের জেরে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সুড়ঙ্গে শ্রমিক ও ইঞ্জিনিয়াররা আটকে পড়েছেন। দুর্গম এলাকায় স্থানীয় উদ্ধারকারী দলের পক্ষে কাজ কঠিন হওয়ায় এবং অত্যাধুনিক সরঞ্জামের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় আন্তর্জাতিক সহায়তার পথ খুলে গিয়েছে। ভারত, চিন, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞদের এবার উদ্ধার ও অনুসন্ধান অভিযানে যুক্ত করা হচ্ছে।
নিখোঁজ বিদেশি নাগরিকদের সন্ধান, ধ্বংসস্তূপ সরানো, মৃতদেহ শনাক্তকরণ এবং ফরেনসিক পরীক্ষায় এই বিদেশি বিশেষজ্ঞদের দক্ষতা কাজে লাগনো হবে। ভারত শুরু থেকেই নেপালের পাশে থাকার বার্তা দিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফের সদস্য, চিকিৎসক ও সুড়ঙ্গ উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিয়েছে। দক্ষিণ কোরিয়াও নিজেদের উদ্ধারকারী দল পাঠানোর বিষয়ে তৎপরতা শুরু করেছে। পরিস্থিতির বাস্তব চিত্র এবং সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জীবন নিয়ে বাড়তে থাকা উদ্বেগের কারণেই এই সমন্বিত উদ্ধার অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন দেশের দল কোথায় কাজ করবে, তা নেপাল প্রশাসনের সঙ্গেই সমন্বয় করে চূড়ান্ত করা হবে।