বিজেপির অন্দরে তুঙ্গে কোন্দল! অনাস্থার পাল্টা এবার ‘বাড়ি ঘেরাও’

বিজেপির অন্দরে তুঙ্গে কোন্দল! অনাস্থার পাল্টা এবার ‘বাড়ি ঘেরাও’

পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল চরমে উঠেছে। মাত্র আট সদস্যের এই পঞ্চায়েতে প্রধান শুভ্রা পণ্ডার বিরুদ্ধে অনাস্থা আনাকে কেন্দ্র করে দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। গত বৃহস্পতিবার প্রধানের পক্ষে থাকা কর্মীরা দলের জেলা কমিটির সদস্য তথা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রঘুনাথ পণ্ডার বাড়ি ঘেরাও করে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখান। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ৭২ বছর বয়সি প্রবীণ নেতা রঘুনাথবাবু রাজনীতি ও সদস্যপদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। দুই শিবিরের এই অনভিপ্রেত দ্বন্দ্বে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ নিয়েছে জেলা নেতৃত্ব। আগামী ১ সেপ্টেম্বর তমলুকে জেলা পার্টি অফিসে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন কাঁথির সাংসদ তথা পূর্ব মেদিনীপুরের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী। ওই বৈঠকে মহিষাদলের জেলা নেতৃত্ব, মণ্ডল সভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ সংশ্লিষ্ট আট সদস্যকে উপস্থিত থাকতে বলা হয়েছে। দলের অভ্যন্তরীণ কোন্দল থামাতে এবং উভয়পক্ষকে নিয়ে আলোচনা করতে সৌমেন্দুবাবু সরাসরি মধ্যস্থতা করবেন। বৈঠক থেকেই এই বিরোধ মেটানোর স্থায়ী সমাধান বের হবে বলে আশা করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *