“খারাপ চাল দিলে নেবেন না, প্রতিবাদ করুন!” — বাঁকুড়ায় রেশন দোকানে সারপ্রাইজ় ভিজিটে বিস্ফোরক খাদ্যমন্ত্রী

“খারাপ চাল দিলে নেবেন না, প্রতিবাদ করুন!” — বাঁকুড়ায় রেশন দোকানে সারপ্রাইজ় ভিজিটে বিস্ফোরক খাদ্যমন্ত্রী

রাজ্যের রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং খাদ্যশস্যের মান বজায় রাখতে বাঁকুড়ায় আচমকা পরিদর্শনে গেলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। শনিবার বাঁকুড়া-১ নম্বর ব্লকের কেঞ্জাকুড়া পঞ্চায়েতের হরেকৃষ্ণপুর গ্রামের একটি রেশন দোকানে সারপ্রাইজ় ভিজিট করেন তিনি।

পরিদর্শনের সময় মন্ত্রী নিজে রেশন দোকানে মজুত থাকা চাল, ডাল ও গমের মান সরেজমিনে খতিয়ে দেখেন। এর পর উপস্থিত গ্রাহকদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, “রেশন দোকান থেকে পোকা ধরা বা নিম্নমানের চাল-গম দিলে তা কোনোভাবেই নেবেন না। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন এবং বলবেন যে খারাপ জিনিস নেবেন না।” তিনি জানান, উন্নত মানের খাদ্যশস্য দিতে রেশন ডিলাররা বাধ্য।

গ্রাহকদের পাশাপাশি রেশন ডিলারদেরও কড়া হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি স্পষ্ট জানান, গ্রাহকদের খারাপ খাদ্যশস্য দেওয়ার বিষয়ে দপ্তর বা সরকারের কাছে কোনো অভিযোগ এলে তা সহ্য করা হবে না। খাদ্য ব্যবস্থার দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “দুর্নীতির সাথে এই সরকার কোনো আপস করবে না। এর আগেও দুর্নীতির প্রমাণ মেলায় একাধিক ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং তাঁদের জেলেও পাঠানো হয়েছে। এমনকি অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও নিলম্বনের (সাসপেনশন) মতো কড়া আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।”

রেশন দোকানে যাওয়ার আগে খাদ্যমন্ত্রী ধুলকুমারী আদিবাসী গ্রামে যান এবং স্থানীয় বাসিন্দাদের অভাব-অভিযোগ ও রেশন সম্পর্কিত মতামত শোনেন। স্থানীয় বাসিন্দা কান্ত মুর্মু জানান, মন্ত্রী তাঁদের কাছে জানতে চান খাদ্যশস্যের মান কেমন ও সঠিক সময়ে রেশন মিলছে কি না। একই সাথে তিনি জানান, সাম্প্রতিককালে আটার পরিবর্তে আস্ত গম দেওয়ায় গ্রামবাসীরা অত্যন্ত সন্তুষ্ট, যা তিনি মন্ত্রীকেও জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *