ইরানের প্রাণঘাতী হুমকি! আতঙ্কে ঘরবন্দি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্প

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে খুনের প্ররোচনামূলক ভিডিও প্রকাশের পরই চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্প। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) পরিচালিত চ্যানেল থ্রি-তে ব্যারনের গতিবিধি নিয়ে একটি ভিডিও সম্প্রচার করা হয়, যার শিরোনাম ছিল—‘কোথায় হত্যা করা হবে ব্যারনকে?’ শুধু তাই নয়, এই কাজে সহায়তার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছে। এরপর থেকেই ২০ বছর বয়সি ব্যারন বাড়ির বাইরে পা রাখা প্রায় বন্ধ করে দিয়েছেন। বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা এই ঘটনার জেরে ট্রাম্প পরিবারের গোটা নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে পুনর্গঠন করা হয়েছে।
নিউজ পোর্টাল সূত্রে প্রকাশ, আমেরিকার প্রভাবশালী সমর্থক চার্লি ক্রিকের হত্যাকাণ্ডের পর থেকেই কিছুটা গুটিয়ে ছিলেন ব্যারন। তবে ইরানের পক্ষ থেকে সরাসরি হত্যার হুমকি ও তাঁর ব্যক্তিগত ভিডিও গেম অ্যাকাউন্টসহ যোগাযোগের মাধ্যমগুলোর তথ্য প্রকাশ্যে আসার পর আতঙ্ক বহুগুণ বেড়ে গেছে। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের দাবি, গত গ্রীষ্মে যেখানে তাঁর সময় কাটত বাবার গলফ ক্লাবে, সেখানে বর্তমান পরিস্থিতিতে তিনি মেলামেশা সম্পূর্ণ বন্ধ করে একাই দিন কাটাচ্ছেন। উল্লেখ্য, চলমান রাজনৈতিক সংঘাতে এর আগে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও টার্গেট করেছিল তেহরান। বিশ্ব ক্ষমতার শীর্ষ মহলে এই চরম হুমকি মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।