‘নিজেদের ঈশ্বর ভাবছেন নাকি!’ তুকারাম মুণ্ডের বিতর্কিত নির্দেশ খারিজ করে ফুঁসে উঠল বম্বে হাই কোর্ট

মহারাষ্ট্রের ‘সিংহম’ আইএএস তথা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার তুকারাম মুণ্ডেকে বড়সড় আইনি ধাক্কা দিল বম্বে হাই কোর্ট। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) বিকেসি কমপ্লেক্সের পাঁচটি রেস্তোরাঁর লাইসেন্স বাতিলের তুকারাম দপ্তরের নির্দেশ কঠোর ভাষায় খারিজ করে দিয়েছে আদালত। রেস্তোরাঁগুলিতে স্বাস্থ্যবিধি না মানা, আমিষ চা পরিবেশন এবং অপরিচ্ছন্নতার অভিযোগে লাইসেন্স সাসপেন্ড করা হয়েছিল। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, খাদ্য দপ্তরের কর্তারা শুধুমাত্র নিয়মের ফাঁসে আটকে থেকে বাস্তব পরিস্থিতি অনুধাবন করতে ব্যর্থ হচ্ছেন এবং অহেতুক তাড়াহুড়ো করে শিরোনামে আসার চেষ্টা চালাচ্ছেন।
মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র ঘুগে ও বিচারপতি গৌতম অঙ্খড়ের ডিভিশন বেঞ্চ তুকারাম মুণ্ডের ভূমিকা নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করে। আদালত কঠোর হুঁশিয়ারি দিয়ে জানায়, তুকারামরা যেন মশা মারতে তলোয়ার ব্যবহার না করেন এবং নিজেদের ঈশ্বর মনে না করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেন। প্রশাসনের এই ধরনের খামখেয়ালি সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে হবে, অন্যথায় আইনি পরিণতি হিসেবে জেলে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে উচ্চ আদালত। এই রায়ের ফলে স্বস্তি পেল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন।