পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! কাউকেই ছাড়বে না প্রশাসন?

শনিবার উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়া অডিটোরিয়ামে আয়োজিত পর্যালোচনায় বৈঠকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পঞ্চায়েত স্তরে দুর্নীতির তদন্ত করা হবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। পাশাপাশি, যে সমস্ত পঞ্চায়েত থেকে দুর্নীতির অভিযোগ বেশি আসছে, সেগুলির ক্ষেত্রে অবিলম্বে স্পেশাল অডিট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি প্রকল্পের কাজে ধীরগতি এবং নজরদারির অভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি কাজের গতি বাড়ানোর জোরালো নির্দেশ দেন।
বৈঠকে মন্ত্রী উল্লেখ করেন যে প্রশাসনিক স্থবিরতার কারণে ভিবি-জি রাম জি প্রকল্পের কাজ উল্লেখযোগ্যভাবে পিছিয়ে রয়েছে এবং পর্যাপ্ত তহবিল থাকা সত্ত্বেও অনেক পঞ্চায়েত নির্দিষ্ট সময়ে অর্থ খরচ করতে পারেনি। গরিব মানুষের শৌচাগার নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ থমকে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। ইতোমধ্যে অনিয়মের অভিযোগে অভিযুক্তদের নোটিশ পাঠানো শুরু হয়েছে এবং সরকারি অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়াও চলছে। সাধারণ মানুষের উন্নয়নে গতি আনতে এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে এই ধরনের জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক অব্যাহত থাকবে।