‘নির্মল গ্রেফতার হলে মমতা কেন নয়?’ আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রীকে চাঁচাছোলা আক্রমণ অগ্নিমিত্রার

আরজি কর-কাণ্ডে প্রমাণ লোপাট এবং আদালতের নির্দেশ অবমাননার গুরুতর অভিযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সম্প্রতি হেস্টিংস থানায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হওয়ার পর থেকেই আক্রমণাত্বক ভূমিকায় দেখা যায় তাঁকে।
শনিবার কলকাতা পুরনিগমে এক প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল দাবি করেন, আরজি করের তরুণী চিকিৎসকের মর্মান্তিক পরিণতির ঘটনা ধামাচাপা দেওয়ার পেছনে মূল ষড়যন্ত্রী ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, এই ঘটনায় তৃণমূল নেতা নির্মল ঘোষ যদি গ্রেফতার হতে পারেন, তবে একই অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে না? মন্ত্রীর স্পষ্ট অভিযোগ, তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ব্যবহার করে তড়িঘড়ি ময়নাতদন্ত সম্পন্ন করা এবং ঘটনাস্থলের প্রমাণ নষ্ট করার নেপথ্যে মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ ইন্ধন ছিল।
এর পাশাপাশি, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে হাইকোর্টের একাধিক নির্দেশিকা লঙ্ঘনের কড়া সমালোচনা করেন অগ্নিমিত্রা। তিনি বলেন, রাজ্য শাসনকারী দল কখনোই বিচার বিভাগকে ন্যূনতম সম্মান জানাতে শেখেনি। আদালতের নির্দেশ অমান্য করে স্বেচ্ছাচারিতা চালানো কোনোভাবেই সহ্য করা হবে না। একই সঙ্গে, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের বেআইনি সাইনবোর্ড ও সুরক্ষাবিধি লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুংকারও দেন তিনি।