জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে ৫৭৩ শ্রমিক! প্রলয় ভাঙতে নেপালে নামল ভারতীয় সেনার বিশেষ দল

নেপালের নদী উপত্যকায় ভয়াবহ বন্যায় রসুয়া ও নুওয়াকোট জেলার ১১টি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে এখনও আটকে রয়েছেন অন্তত ৫৭৩ জন শ্রমিক। গত বুধবারের ওই প্রাকৃতিক তাণ্ডবে ৯৩৪ জন শ্রমিক নিখোঁজ হলেও শুক্রবার পর্যন্ত ৩৬১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আপার ত্রিশূলী সহ প্রধান চারটি প্রকল্পে আটকে পড়া কর্মীদের মধ্যে ভারতসহ একাধিক দেশের নাগরিক রয়েছেন। কাদা ও ধ্বংসস্তূপে সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে নেপাল সরকারের পাশে দাঁড়িয়েছে ভারত। শুক্রবার কাঠমাণ্ডুতে বিশেষ প্রতিনিধি দল পৌঁছানোর পর শনিবার ভারতের বিমানবাহিনীর বিশেষ বিমানে ১৩ সদস্যের দক্ষ ‘টানেল রেসকিউ টিম’ এবং প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম পাঠানো হয়েছে। এছাড়া ডিএনএ পরীক্ষার জন্য ফরেনসিক বিশেষজ্ঞ দল এবং ত্রাণসামগ্রীও পৌঁছেছে। নেপালি সেনা, মাউন্টেন গাইড ও ভারতীয় উদ্ধারকারীদের যৌথ প্রচেষ্টায় ধ্বংসস্তূপ কেটে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে দ্রুত অভিযান চলছে।