রান্নায় ভেজাল হিং? এভারেস্ট ও লালজীর বিক্রি বন্ধ করল FSSAI!

আপনার রান্নাঘরের প্রিয় হিং খাঁটি তো? জনপ্রিয় দুটি ব্র্যান্ডের ভেজাল হিংয়ের খবর সামনে আসতেই এই প্রশ্ন এখন আমজনতার মুখে মুখে। খাদ্যপণ্যের মান বজায় রাখতে কড়া পদক্ষেপ নিয়েছে দেশের খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা FSSAI (ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া)। বিখ্যাত মশলা প্রস্তুতকারক সংস্থা ‘এভারেস্ট’ (Everest) এবং ‘লালজী গোধূ অ্যান্ড কো ম্পা নি’ (Laljee Godhoo & Co.)-র কম্পাউন্ড হিং বা মিশ্রিত হিং বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
একজন গ্রাহকের লিখিত অভিযোগের ওপর ভিত্তি করে মুম্বই ও গুজরাটের উমরগাঁও-এ থাকা এই দুই ব্র্যান্ডের কারখানা থেকে হিংয়ের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। পরীক্ষার রিপোর্টে জানা গেছে, নির্ধারিত মানের থেকে এই হিংয়ের গুণমান অনেক কম। এমনকি লালজী গোধূর ৬টি নমুনায় বিপজ্জনক মাত্রায় অতিরিক্ত স্টার্চের উপস্থিতি পাওয়া গেছে।
নিয়ম অনুযায়ী, মিশ্রিত হিং তৈরিতে অন্তত ৫ শতাংশ অ্যালকোহলে দ্রবণীয় নির্যাস থাকা বাধ্যতামূলক। কিন্তু অভিযুক্ত ব্র্যান্ডগুলির হিংয়ে এই উপাদানের মাত্রা কমে ৩ শতাংশের নিচে নেমে গেছে, যা সরাসরি ক্রেতাদের সঙ্গে প্রতারণা ও স্বাস্থ্যঝুঁকির শামিল। সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবেই এফএসএসএআই এই নিষেধাজ্ঞা জারি করে দুটি কো ম্পা নির বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নিয়েছে। নিত্যপ্রয়োজনীয় এই মশলায় এমন ভেজালের ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ছড়িয়েছে।