মৃত্যুর আগে আশঙ্কা! প্রসবের কিছুক্ষণের মধ্যেই মা ও সদ্যোজাতের মৃত্যুতে তোলপাড় হাসপাতাল!

মধ্যপ্রদেশের রেওয়া জেলার সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে সন্তান প্রসবের পর ২৫ বছর বয়সি কল্পনা মিশ্র ও তাঁর সদ্যোজাত সন্তানের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাসপাতালে ভর্তির পর একটি ভিডিওতে ওই যুবতীকে বলতে শোনা যায়, এই ভাবে চিকিৎসা চললে তাঁকে মেরে ফেলা হবে। এর কিছু সময় পর সিজারিয়ান পদ্ধতিতে তিনি সন্তানের জন্ম দিলেও তাঁর আর জ্ঞান ফেরেনি। চিকিৎসায় গাফিলতির গুরুতর অভিযোগ তুলেছে মৃতের পরিবার।
পরিবারের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে এবং দায়িত্বে থাকা দুই নার্সিং স্টাফকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। হাসপাতালের সুপারিনটেনডেন্ট দাবি করেছেন, রোগীর রক্তচাপ ও হৃদস্পন্দন বেড়ে যাওয়ায় তিনি জ্ঞান হারান এবং মৃত্যুর সঠিক কারণ তদন্ত সাপেক্ষ। অন্যদিকে, একমাত্র মেয়ের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়ে পরিবারের সদস্যরা ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী কমিটি।