আড়াই বছর ধরে বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু! নিঃশর্ত মুক্তির দাবিতে ভারতের হস্তক্ষেপ চাইলেন তসলিমা নাসরিন

বাংলাদেশে দীর্ঘ আড়াই বছর ধরে কারাবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদ করায় রাষ্ট্রদ্রোহীসহ বিভিন্ন মিথ্যা মামলায় তাঁকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ভারত সরকার যাতে চিন্ময় প্রভু সহ মৌলবাদের জাঁতাকলে বন্দি অন্যান্য প্রগতিশীল ব্যক্তিত্বের ন্যায়ের পক্ষে জোরালো ভূমিকা নেয়, সেই দাবি তুলেছেন তিনি। এই দাবির সমর্থনে আগামী কাল সোমবার বিকেল চারটায় কলকাতা প্রেস ক্লাবে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে।
২০২৪ সালে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও মৌলবাদের বাড়বাড়ন্ত বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর পাশাপাশি এই তালিকায় রয়েছেন লেখক শাহরিয়ার কবির, অধ্যাপক আবদুল বরকত এবং মানবাধিকার কর্মী রানা দাশগুপ্তের মতো বিশিষ্ট ব্যক্তিরা। তসলিমা নাসরিনের মতে, বর্তমান বাংলাদেশেও নারীরা নিরাপদ নন এবং সংখ্যালঘুরা প্রতিনিয়ত নিপীড়নের শিকার হচ্ছেন। বিচারব্যবস্থার প্রহসন এড়িয়ে চিন্ময় প্রভুর অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং বাংলাদেশে বন্দি সকল নির্যাতিতের সুরক্ষায় ভারত সরকারের কূটনৈতিক ও নৈতিক হস্তক্ষেপ জরুরি বলে মনে করছেন আয়োজকরা।