কনডেমড বাস আর কর্মীর আকালে পুজোর মুখে কী হবে সরকারি পরিবহণের ভবিষ্যৎ?

কনডেমড বাস আর কর্মীর আকালে পুজোর মুখে কী হবে সরকারি পরিবহণের ভবিষ্যৎ?

রাজ্যের দুই রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় চলাচলের অনুপযোগী হয়ে থাকা প্রায় সাতশো বাস বাতিলের অপেক্ষায় রয়েছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এই করুণ চিত্র তুলে ধরে পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ জানিয়েছেন, খাতায়-কলমে বাস থাকলেও যান্ত্রিক ত্রুটি এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলির বড় অংশ রাস্তায় নামানোর উপযুক্ত নয়। এর জেরে বহু রুটে সরকারি বাসের সংখ্যা কমছে এবং নিয়মিত পরিষেবা ব্যাহত হচ্ছে। পাশাপাশি, স্থায়ী কর্মী সঙ্কটের কারণে মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে বাস চলাচল। বাস থাকলেও পর্যাপ্ত চালক ও কন্ডাক্টরের অভাবে সেগুলি ডিপোতেই বন্দি থাকছে, যা পুজোর মরসুমের আগে যাত্রী সাধারণের ভোগান্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

রবিবার বাঁকুড়ার ছাতনায় আয়োজিত এক দলীয় সভায় যোগ দিয়ে পরিবহণমন্ত্রী মহিলাদের জন্য প্রস্তাবিত বহুল প্রতীক্ষিত ‘পিঙ্ক কার্ড’ পরিষেবা নিয়েও স্পষ্ট বার্তা দেন। তিনি জানিয়ে দেন, বর্তমান পরিকাঠামো এবং কর্মী সঙ্কটের বাস্তব পরিস্থিতি বিচার করে পুজোর আগে এই পরিষেবা চালু করা সম্ভব নয়। তবে সঙ্কট কাটাতে দ্রুত চালক ও কন্ডাক্টর নিয়োগের আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু এত বড় ঘাটতি পূরণ করে পুজোর ভিড়ের মাঝে সাধারণ মানুষকে নির্বিঘ্ন পরিষেবা দেওয়াটাই এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *