সতর্কবার্তা! ধেয়ে আসছে ভারী নিম্নচাপ, কলকাতা থেকে দার্জিলিং জুড়ে বৃষ্টির লাল চোখ
নতুন নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার চরম আশঙ্কা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছাকাছি তৈরি হওয়া এই নিম্নচাপের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকতে পারে, যার ফলে এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বাঁকুড়া এবং ঝাড়গ্রামেও দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির জেরে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন না হলেও উপকূল ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি জনপদেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি জেলাগুলির বিভিন্ন এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং আগামী সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। নিম্নচাপের এই লাগাতার প্রভাবে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। নদী তীরবর্তী অঞ্চল এবং নিচু এলাকাগুলির জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিকূল এই আবহাওয়ায় সাধারণ মানুষকে অপ্রয়োজনয়ে বাইরে বের না হতে এবং আবহাওয়া দফতরের নিয়মিত আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।